মেহেরপুরের মুজিবনগরে অবৈধ অস্ত্রসহ বিল্লাল হোসেন কটা (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে মেহেরপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার যতারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক বিল্লাল ওই গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে মেজর এম এ এন রওশন আলমের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা যতারপুর গ্রামে বিল্লাল হোসেন ওরফে কটার বাড়িতে অভিযান চালান। এ সময় তার শয়নকক্ষের ওয়ারড্রোব থেকে ৭.৬৫ মিলিমিটার বোরের একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সূত্র জানায়।
জানা গেছে, বিল্লাল হোসেন ওরফে কটা এলাকায় অনলাইন জুয়ার অন্যতম মূল হোতা হিসেবে পরিচিত।