বগুড়ার আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সামাজিক ব্যাধি প্রতিরোধমূলক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ অক্টোবর) সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের পোস্ট অফিসপাড়ায় অবস্থিত রসায়ন নিকেতনে বাল্যবিবাহ, যৌতুক প্রথা, নারী ও শিশু নির্যাতনসহ নানান সামাজিক ব্যাধি প্রতিরোধে জনসচেতনতামূলক এই সভা অনুষ্ঠিত হয়। এ সভার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি উপজেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন, বসুন্ধরা শুভসংঘ আদমদীঘি উপজেলা শাখার কোষাধ্যক্ষ ফিরোজ হোসেন।
সভায় বক্তারা বলেন, সমাজে এখনও বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতনের মতো সামাজিক ব্যাধিগুলো ভয়াবহভাবে বিদ্যমান।
প্রধান অতিথি অধ্যক্ষ সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন,'বাল্যবিবাহ একটি বড় সামাজিক অভিশাপ। এটি শুধু একটি মেয়ের স্বপ্নই নষ্ট করে না, পুরো জাতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে।
তিনি আরো বলেন, 'যৌতুক প্রথা ও নারী নির্যাতন সমাজে নৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে। নারীকে সম্মান না দিলে কোনো সমাজই উন্নত হতে পারে না।' তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধের চর্চার আহ্বান জানান।
বিশেষ অতিথি রুবেল হোসেন বলেন, 'আজকের তরুণরাই আগামী দিনের সমাজনেতা।
সভায় আরো বক্তব্য রাখেন, শুভসংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন ব্যক্তিরা। বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পরিবারের ভূমিকার ওপরও গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা সামাজিক ব্যাধি প্রতিরোধে নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার অঙ্গীকার করেন। শিক্ষার্থীরা জানান,বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের একটি দৃষ্টান্ত। নিয়মিত এমন জনসচেতনতামূলক আয়োজন সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক প্রথা, নারী ও শিশু নির্যাতনের মতো ব্যাধিগুলো নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।