বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সামাজিক ব্যাধি প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৩:০৬:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৩:০৬:৫২ অপরাহ্ন

বগুড়ার আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সামাজিক ব্যাধি প্রতিরোধমূলক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ অক্টোবর) সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের পোস্ট অফিসপাড়ায় অবস্থিত রসায়ন নিকেতনে বাল্যবিবাহ, যৌতুক প্রথা, নারী ও শিশু নির্যাতনসহ নানান সামাজিক ব্যাধি প্রতিরোধে জনসচেতনতামূলক এই সভা অনুষ্ঠিত হয়। এ সভার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি উপজেলা শাখা।

সভায় সভাপতিত্ব করেন, বসুন্ধরা শুভসংঘ আদমদীঘি উপজেলা শাখার কোষাধ্যক্ষ ফিরোজ হোসেন।

 
অনুষ্ঠান সঞ্চালনা করেন, কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রসায়ন নিকেতনের পরিচালক রুবেল হোসেন। 

 

সভায় বক্তারা বলেন, সমাজে এখনও বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতনের মতো সামাজিক ব্যাধিগুলো ভয়াবহভাবে বিদ্যমান।

 
এসব কুসংস্কার ও অপরাধ সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। বক্তারা মনে করেন, শিক্ষার প্রসার, সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যমেই এসব ব্যাধি থেকে মুক্তি সম্ভব।

 

প্রধান অতিথি অধ্যক্ষ সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন,'বাল্যবিবাহ একটি বড় সামাজিক অভিশাপ। এটি শুধু একটি মেয়ের স্বপ্নই নষ্ট করে না, পুরো জাতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে।

 
তাই প্রত্যেক শিক্ষার্থীকে নিজে সচেতন হতে হবে এবং সমাজে সচেতনতার আলো ছড়িয়ে দিতে হবে।'

 

তিনি আরো বলেন, 'যৌতুক প্রথা ও নারী নির্যাতন সমাজে নৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে। নারীকে সম্মান না দিলে কোনো সমাজই উন্নত হতে পারে না।' তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধের চর্চার আহ্বান জানান।

বিশেষ অতিথি রুবেল হোসেন বলেন, 'আজকের তরুণরাই আগামী দিনের সমাজনেতা।

 
তাই তাদেরকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা জরুরি। শুভসংঘের মতো সংগঠনগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে যে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়।'

 

সভায় আরো বক্তব্য রাখেন, শুভসংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন ব্যক্তিরা। বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পরিবারের ভূমিকার ওপরও গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা সামাজিক ব্যাধি প্রতিরোধে নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার অঙ্গীকার করেন। শিক্ষার্থীরা জানান,বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের একটি দৃষ্টান্ত। নিয়মিত এমন জনসচেতনতামূলক আয়োজন সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক প্রথা, নারী ও শিশু নির্যাতনের মতো ব্যাধিগুলো নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :