​জামায়াত ইসলামীতে যোগ দিলেন চাঁপাইনবাবগঞ্জের ২৫ ‘সনাতন’ ধর্মালম্বী

আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৫:৩৪:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৫:৩৯:৪৯ অপরাহ্ন

“আমরা আমাদের ধর্ম পালন করব; তারা তাদের ধর্ম পালন করবে। এতে কারও কোনো সমস্যা হবে না,” বলেন সুমন কুমার সাহা।


চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২৫ জন ‘সনাতন’ ধর্মাবলম্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

রোববার বিকালে দলের জেলা কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন।

জামায়াতে নাম লেখানো সুমন কুমার সাহা বলেন, “আমরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছি, কারণ এ দলের রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থাটা আমাদের ভালো লাগে।


“আমরা আমাদের ধর্ম পালন করব; তারা তাদের ধর্ম পালন করবে। এতে কারও কোনো সমস্যা হবে না।”

জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন- পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুকুমার পরামানিক, চন্দন দাস, সুদর্শন মন্ডল, বক্ষনাথ ঠাকুর, কানাই চৌধুরী, ভরত চৌধুরী, সতীশ মন্ডল, বাবলু মন্ডল, সিতু মন্ডল, সুমল মন্ডল, দলন মন্ডল, মন্টু লাল চৌধুরী।


জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ লতিফুর রহমান বলেন, ‘সনাতন’ ধর্মাবলম্বীরা স্বতস্ফূর্তভাবে জামায়াত ইসলামীর রাজনীতিতে যোগদান করেছেন।

“আমাদের রাজনীতি নীতি, আদর্শ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হয়। তাদের এ সিদ্ধান্ত প্রমাণ করে মানুষ আদর্শভিত্তিক রাজনীতির প্রতিই আস্থা রাখে। সনাতন ধর্মাবলম্বী ২৫ জন জামায়াত ইসলামীতে যোগদান করেছেন । আগামীতে আরো অনেকেই যোগ দেবেন।”

তিনি বলেন, “আমাদের গঠনতন্ত্রে আছে জামায়াত ইসলামীর রাজনীতি এবং অর্থনীতি ব্যবস্থার সাথে ঐক্যমত পোষণ করে যেকোনো ধর্মের মানুষ যুক্ত হতে পারবেন। তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবেন।”

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :