পাকিস্তানের প্রখ্যাত আলেম ও বিশ্ববরেণ্য ইসলামি স্কলার আল্লামা মুফতি মুহাম্মদ তাকি উসমানী বাংলাদেশ সফরে আসছেন। চলতি নভেম্বর মাসের ২২ তারিখ থেকে ২৮ তারিখ তিনি বাংলাদেশ সফর করবেন।
আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাংলাদেশ সফরের প্রধান সমন্বয়ক, রাজধানীর শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক, প্রধান মুফতি ও শাইখুল হাদিস মুফতি মিযানুর রহমান সাঈদ।
তিনি জানান, মুফতি তাকি উসমানীর সফরের বিষয়টি চূড়ান্ত হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ২২ নভেম্বর ভোরে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এক সপ্তাহের সফরে তিনি ঢাকার কয়েকটি প্রোগ্রাম এবং ঢাকার বাইরেও কয়েকটি প্রোগ্রামে তাঁর অংশগ্রহণের কথা রয়েছে। তাঁর সফরসঙ্গী হিসেবে পাকিস্তান বেফাকের মহাসচিব আল্লামা হানিফ জালান্ধরিও বাংলাদেশে আসছেন।
মুফতি মিযানুর রহমান সাঈদ জানান, ২২ নভেম্বর সন্ধ্যায় শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ১৫ সালা দস্তারবন্দি মহাসম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। সেখানে তিনি হাদিসে মুসালসালাতের দরস দেবেন। তিনি ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা সম্মেলনে প্রধান মেহমান হিসেবে যোগ দেবেন। এর বাইরে রাজধানীতে হাইয়্যাতুল উলয়া ও বেফাকের আয়োজনে একটি সেমিনার হওয়ার কথা রয়েছে। এছাড়া তাঁর লেখালেখি ও গবেষণা কর্মের ওপর একটি বিশেষ মজলিস হওয়ার কথা রয়েছে, সেখানে আলেম লেখক-সাহিত্যিকরাও অংশ নেবেন।
ঢাকার বাইরেও কয়েকটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে আল্লামা তাকী উসমানীর।