জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০৭:৪৫:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০৭:৪৫:৪৪ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ছিল উপজেলা পরিষদের ডাকা হাটবাজার ইজারার টেন্ডার শিডিউল দাখিলের শেষ দিন। একইসঙ্গে আজ বিকেল ৩টায় দাখিলকৃত টেন্ডার বাক্স খোলার সময় নির্ধারিত ছিল।

 
দুপুরে ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আওরঙ্গজেব তার নিজ এলাকার একটি হাটের টেন্ডার শিডিউল দাখিল করতে উপজেলায় যান। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে রাখা বাক্সে তার টেন্ডার শিডিউলটি ফেলেন। এ সময় আশপাশে থাকা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গিয়ে তার ওপর হামলা করে। সেখানে থাকা আনসার সদস্য ও পুলিশ প্রথমে তাদের নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করে।
 
এর কিছু সময় পর ইউএনও অফিস থেকে নিজের ব্যক্তিগত কাজ শেষে বের হচ্ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান। তখন ‌জামায়াতের সেক্রেটারি এখানে কেন বলেই তার ওপর হামলা করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

 

ভুক্তভোগী উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান জানান, আমি ইউএনওর কাছে আমার এলাকার একটি সমস্যাসংক্রান্ত কাজ নিয়ে এসেছিলাম। ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি যে টেন্ডার দাখিল করেছে, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, আমি জানতামও না।

 
ইউএনও অফিসের কাজ শেষে রুম থেকে বের হতেই বিএনপি ও অঙ্গসংগঠনের সবাই আমার ওপর ঝাঁপিয়ে পড়ে।

 

তিনি বলেন, স্থানীয় এমপি ও উপজেলা জামায়াতের আমিরকে বিষয়টি জানিয়েছি। তাদের সঙ্গে পরামর্শ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

ভুক্তভোগী জানান, হামলাকারীদের মধ্যে মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস, স্বেচ্ছাসেবক দল নেতা বাবলু মিস্ত্রি, শাহীন আলম, সোহলে রানা, বিএনপি নেতা জাবের মোল্লা, জিয়া মুন্সী, রিন্টু, যুবদল নেতা শাহীন, ছাত্রদল নেতা ইমনসহ শতাধিক নেতাকর্মী এ ঘটনায় জড়িত।

এ বিষয়ে অভিযুক্তদের একজন মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস বলেন, আমরা কয়েকজন শিডিউল দাখিল করার শেষ সময় জানার জন্য গিয়েছিলাম।

 
সেখানে গিয়ে দেখি দলের ছেলেদের সঙ্গে ঝামেলা হচ্ছে। কার সঙ্গে কি নিয়ে ঝামেলা তাও জানতাম না। পরে শুনেছি। হামলার সঙ্গে আমি জড়িত নই। মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

 

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, ‌এটি একটি ফৌজদারি অপরাধ হয়েছে। আজকে টেন্ডার দাখিল ও খোলা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন ছিল। তারপরও কিভাবে ঘটনা ঘটল, সেটি আমি বলতে পারছি না। থানার ওসি ভালো বলতে পারবেন। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :