শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে

আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৪:৩২:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৪:৩২:২০ অপরাহ্ন
শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে বলে দাবি জানিয়েছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, ‘এই হত্যার বিচার এই দেশের মাটিতেই নিশ্চিত করতে হবে। বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না।’ শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির নলছিটিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাসুমা হাদি অভিযোগ করেন, ‘ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশ ন্যক্কারজনক হামলা চালায়।’ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা কামনা করেন।

তিনি আরো বলেন, ‘নির্বাচনের আগে যদি প্রশাসনের অবস্থা এমন থাকে, তাহলে সেই প্রশাসনের মাধ্যমে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে! এ নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে শরীফ ওসমান বিন হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে এবং জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকার সামনে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করলে বেশ কয়েকজন আহত হন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়।

 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :