প্রার্থিতা ফেরাতে ইসিতে আপিল করলেন তাসনিম জারা

আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৫:০১:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৫:০১:২৫ অপরাহ্ন
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা মনোনয়নপত্র বাতিল ঘোষণার বিরুদ্ধে আপিল করেছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে তিনি এ আপিল করেন।

এর আগে গত শনিবার মনোনয়ন যাচাই-বাচাই শেষে রিটার্নিং অফিসার জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। আপিলের প্রথম সোমবার বিকেল পৌনে ৪টা পর্যন্ত সারা দেশের ২৫ জন সম্ভাব্য প্রার্থী আপিল করেছেন ইসিতে।

 
ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন শনিবার এ তথ্য নিশ্চিত করে বলেছিলেন, মোট ভোটারের মধ্যে ৪ হাজার ৩০০ জনের স্বাক্ষর প্রয়োজন ছিল। সেটা ঠিকই ছিল। বরং কিছু বেশি ভোটারের স্বাক্ষর ছিল। তবে যাচাইয়ে দেখা যায়, প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেওয়া ১০ জনের মধ্যে ৮ জন ঢাকা-৯ আসনের ভোটার।

বাকি দুজন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচনবিধি অনুযায়ী তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার (তাসনিম জারা) আপিলের সুযোগ আছে।
 
তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনি জোট গঠন নিয়ে বিতর্কের মধ্যে দলটি ছাড়েন তিনি।

এরপর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :