বিএনপিকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাবেক এলডিপি নেতার

আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০৭:৫৯:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০৭:৫৯:৫৬ অপরাহ্ন

বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাবেক মহাসচিব ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ।

তিনি বলেন, ‘ইতোমধ্যে কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা এলডিপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ওইসব কমিটিতে যারা ছিলেন তারা আমার সঙ্গেই বিএনপিতে যোগদান করেছেন। বর্তমানে যারা বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন সবাই পূর্বের সকল মতানৈক্য ও ভেদাভেদ ভুলে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে এবং তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মিলে মিশে একসঙ্গে কাজ করতে হবে।

 
’  

 

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চান্দিনা উপজেলা বিএনপির বর্তমান নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘আমি চাই সকলে এগিয়ে আসুন। আমার সঙ্গে আমার যে সকল নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন তারাও আপনাদের নেতৃত্বে থেকে আমার জন্য কাজ করবেন। আপনারাও দায়িত্ব সহকারে আমার নির্বাচন পরিচালনা করবেন।

 
’

 

ড. রেদোয়ান বলেন, ‘আমাকে বিএনপি গ্রহণ করে দলের মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। সুতরাং আমার কোনো নেতাকর্মী কখনও চান্দিনার বিএনপির নেতাকর্মীর সঙ্গে কোনো প্রকার অসদাচরণ করলে আমার কাছে ক্ষমা পাবেন না।’

এ সময় আরো উপস্থিত ছিলেন— মহিচাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এ কে এম সামছুল হক মাস্টার, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেম, মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের, মোয়াজ্জেম হোসেন ভূইয়া, অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, বাতাঘাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া, শাহ আলম ও জামসেদ আহমেদ জাকিসহ প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এলডিপির রাজনীতি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন ড. রেদোয়ান আহমেদ।

 

 

 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :