ধুনটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মা ও মেয়ের

আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০৫:৩৮:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০৫:৩৮:৫৬ অপরাহ্ন
বগুড়ার ধুনট উপজেলায় সিমেন্ট বোঝাই চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে রেবেকা খাতুন (২৬) ও তার মেয়ে হুজাইফা খাতুন (৪)।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর প্রায় ২টায় ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ী সেতুর সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেবেকা খাতুন উপজেলার বথুয়াবাড়ী গ্রামের পলাশের স্ত্রী।


 
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গৃহবধূ রেবেকা খাতুন ও তার মেয়ে হুজাইফা ব্যাটারিচালিত একটি অটোভ্যানে চড়ে পেচিবাড়ী থেকে বাড়ির দিকে রওনা হন।

পথিমধ্যে পার্শ্ব রাস্তা থেকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ী সেতুর সংযোগ সড়কে ওঠার সময় অটোভ্যান থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন মা ও মেয়ে। এ সময় ধুনটগামী সিমেন্ট বোঝাই দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তখন চালক ও হেলপার ট্রাক সড়কে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সিমেন্ট বোঝাই ট্রাক জব্দ করা হয়েছে।

মা ও মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :