বন্দি বিনিময় চুক্তিতে ভারত থেকে এলো ৩২ জেলে, ভারতে গেল ৪৭ জেলে

আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৪:৪২:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৪:৪২:৩০ অপরাহ্ন
বন্দি বিনিময় চুক্তিতে ৩২ বাংলাদেশী জেলেকে ফেরত পাঠিয়েছে ভারত। আর বাংলাদেশ থেকে ৪৭ জেলেকে ভারতে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতায় সমুদ্র পথে এই দুই দেশের বন্দি বিনিময় কার্যক্রমে সম্পৃক্ত রয়েছে উভয় দেশের কোস্ট গার্ড।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে মোংলা কোস্ট গার্ড বেইসের বিসিজিএস কামরুজ্জামান জাহাজের অধিনায়ক কমান্ডার শুয়াইব বখতিয়ার রানা এ তথ্য জানান।

 
তিনি বলেন, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত ১২ জুলাই ও ২ আগস্ট ৩ টি ভারতীয় ফিশিং বোটসহ (এফবি মা মঙ্গল চন্ডি-৩৮, এফবি ঝড়, এফবি পারমিতা-৪) ৪৭ জন ভারতীয় জেলেকে আটক করে। অপরদিকে, গত ১২ ও ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা অতিক্রম করে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ২ টি বাংলাদেশী ফিশিং বোটসহ ৩২ জন বাংলাদেশী জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় আটককৃত জেলেদের হস্তান্তর/গ্রহণের কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব পায় বাংলাদেশ কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় গত ৯ ডিসেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা ৪৭ জন ভারতীয় জেলেকে ৩টি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। একই সাথে ভারতে আটক থাকা ৩২ জন বাংলাদেশী জেলেসহ ১টি ফিশিং বোট এফ.বি মায়ের দোয়া ভারতীয় কোস্ট গার্ড থেকে বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে। আর অপর একটি বোট গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশী এসব জেলেরা ভারতের কারাগারে ছিল তিন মাস।

আর ভারতীয় জেলেরা বাংলাদেশের কারাগারে ছিল ৪ মাস। 
বুধবার দুপুরে বাংলাদেশী জেলেদের বোটসহ কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে (মোংলা) এনে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :