চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মহাসড়কটি ছয় লেন করার দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক উন্নয়ন আন্দোলনের ব্যানারে আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল থেকে পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা সড়কে গাছ ফেলে গাড়ি চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। অপ্রশস্ত মহাসড়কটি ছয় লেন করার দাবি দীর্ঘদিনের।
মানববন্ধনকারীরা ফিটনেসবিহীন গাড়ির চলাচল বন্ধ ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।