​ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় এক দিন বাড়ল

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১১:৩৬:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১১:৩৬:৪৮ অপরাহ্ন


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় এক দিন বাড়ানো হয়েছে। এর পাশাপাশি মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও এক দিন বাড়ানো হয়েছে। ভিড়ের কারণে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করতে না পারায় এই সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে।

আজ সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫–এর প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন। এর আগের ঘোষণা অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল আজ সোমবার (১৮ আগস্ট) আর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ১৯ আগস্ট (মঙ্গলবার)।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে লক্ষ করছি, ২০২৫ সালের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা আরও লক্ষ করেছি, বিপুলসংখ্যক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের জন্য ভিড় করলে কোনো কোনো হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। এই অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় এক দিন করে বাড়িয়ে যথাক্রমে ১৯ আগস্ট বিকেল ৫টা এবং ২০ আগস্ট বিকেল ৫টা করা হলো।

এর আগে আজ মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হওয়ার পর ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক ব্রিফিংয়ে জানিয়েছিল, ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৫৬৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আজ মনোনয়নপত্র নিয়েছেন ৪৪২ জন। আর ১৮টি হলে বিভিন্ন পদে মোট ১ হাজার ২২৬ জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

ইতিমধ্যে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকায় মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :