এপেক সম্মেলনের আগ মুহূর্তে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উ. কোরিয়ার

আপলোড সময় : ২২-১০-২০২৫ ১১:২৯:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৫ ১১:২৯:১৩ পূর্বাহ্ন

বুধবার ভোরে উত্তর কোরিয়া একাধিক স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে উত্তর-পূর্ব দিকে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়।

এই ঘটনা ঘটলো এমন এক সময়ে, যখন দক্ষিণ কোরিয়ায় আসন্ন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের সম্ভাবনা রয়েছে। 

সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গেও ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে।

 
দক্ষিণ কোরিয়ার যৌথ চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানায়, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৫০ কিলোমিটার (২১৭ মাইল) দূরত্ব অতিক্রম করেছে এবং সেগুলো স্থলভাগে আছড়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আগেই দক্ষিণ কোরিয়া কিছু সন্দেহজনক গতিবিধি শনাক্ত করেছিল এবং পরে সেগুলো উৎক্ষেপণের পর সফলভাবে ট্র্যাক করা হয়।

 

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জরুরি নিরাপত্তা বৈঠক ডাকে এবং প্রেসিডেন্টকে এই বিষয়ে অবহিত করা হয়। এদিকে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপে জাপানের নিরাপত্তার ওপর কোনো প্রভাব পড়েনি এবং জাপান যুক্তরাষ্ট্রের সঙ্গে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান চালিয়ে যাচ্ছে।

 
উল্লেখ্য, চলতি বছরের ৮ মে উত্তর কোরিয়া সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

 

পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া গত এক দশকে একাধিকবার জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তারা একটি সামরিক প্যারেডে তাদের সর্বাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করেছে, যেখানে চীনা প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন।

বিশ্লেষকদের মতে, এপেক সম্মেলনের ঠিক আগে এমন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে।

 

 

সূত্র : রয়টার্স

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :