ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, চতুর্থ সাবমেরিন ক্যাবল স্থাপনের বিষয়ে সিঙ্গাপুর সরকারকে আমাদের আগ্রহের কথা জানিয়েছি। তারা এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরা সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হয়ে চতুর্থ সাবমেরিন ক্যাবলে যুক্ত হওয়ার চেষ্টা করছি।
রবিবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বিষয়টি ইতোমধ্যে সিঙ্গাপুর দূতাবাস এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। ১৭ হাজার জিবিপিএস সক্ষমতার তৃতীয় সাবমেরিন ক্যাবল ২০২৬ সালের মাঝামাঝি বা শেষ নাগাদ বাণিজ্যিক কার্যক্রমে আসবে। আমরা আমাদের অংশের জন্য ওই তৃতীয় ক্যাবলে যুক্ত হওয়ার চুক্তি সম্পন্ন করেছি।
তিনি বলেন, বিদ্রোহের কারণে ওই এলাকার সাগরপথে ক্যাবল স্থাপনের অনুমতি দিচ্ছে না হুতিরা।
প্রসঙ্গত, ২০২১ সালে দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ শুরু করে বিগত সরকার। ক্যাবলটি কক্সবাজার থেকে একদিকে সিঙ্গাপুর ও অন্যদিকে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত হবে।
৬৯৩ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের জুনে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় চলতি বছরের জুন পর্যন্ত।