নওগাঁয় ৫ দাবিতে শিক্ষকদের মানববন্ধন

আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৩:১১:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৩:১১:১৫ অপরাহ্ন
বেতন ও ভাতাসহ পাঁচ দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষকরা। আজ শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা শাখায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষকরা ৫০ শতাংশ বাড়িভাড়া, শতভাগ উৎসব ভাতা, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা, এবতেদায়ী মাদরাসা ও নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তকরণ এবং শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের পাওনা বিল দ্রুত পরিশোধের দাবি জানান।

 
বক্তারা অভিযোগ করেন, শিক্ষকতা পেশায় অন্যান্য পেশার তুলনায় সুযোগ-সুবিধা না থাকায় দেশের মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতায় আগ্রহ হারাচ্ছে।

যার ফলে শিক্ষার মানও ক্রমে নিম্নমুখী হচ্ছে। শিক্ষার মান উন্নয়ন করতে চাইলে প্রথমেই শিক্ষকদের জীবনমান উন্নয়ন করতে হবে। শিক্ষক জাতির মেরুদণ্ড হলেও আজ তারাই সবচেয়ে মানবেতর জীবনযাপন করছে।
বক্তারা আরো বলেন, সরকার যে অল্প চিকিৎসা ভাতা দেয়, তা দিয়ে একজন ডাক্তারের ফি দেওয়াও সম্ভব নয়, ওষুধ কেনা তো দূরের কথা।

আমরা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো নিয়ে আন্দোলন করছি। কিন্তু প্রতিবারই প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয় না। এবার আমরা প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হলেও পতিত সরকারের দোসররা সেটি প্রত্যাখ্যান করেছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে জানান, যেসব আমলারা পতিত সরকারের দোসর হয়ে এখনো মন্ত্রণালয়ে বসে আছেন, তারা যেন সাবধান হয়ে যায়। তাদের দাবি দ্রুত মেনে না নিলে,আমলাদের পরিণতিও পতিত সরকারের মতোই হবে।

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন, জেলা সভাপতি অধ্যক্ষ মাহবুবুল আলম, কারিগরি শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলার সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, চণ্ডিপুর দাখিল মাদরাসার সহকারী সুপার তোফাজ্জল হোসেন মোল্লা, মাদরাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি জাহিদুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশন মান্দা উপজেলা শাখার সভাপতি আব্দুল মালেক এবং আদর্শ মাধ্যমিক শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি শামীম চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :