বিশ্রাম নিতে দোকানের শাটারে হেলান, বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৭:৩৭:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৭:৩৭:১৯ অপরাহ্ন

ফরিদপুর জেলা শহরের আলিপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইছহাক মাতুব্বর (৫৫) নামের এক মাটি কাটার শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শহরের পশ্চিম আলিপুর খন্দকার লজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইছহাক মাতুব্বর জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ইছহাক মাতুব্বরকে পশ্চিম আলিপুরের তরুণ বাবুর বাড়িতে একটি বাথরুম নির্মাণের কাজে ডেকে আনা হয়।

 
তিনি বাথরুমের চারটি মাটির রিং বসানোর কাজ করছিলেন। দুপুর ২টার দিকে কাজ শেষ করে খাবারের জন্য বের হন। খাবার শেষে ফেরার পথে বৃষ্টি শুরু হলে তিনি খন্দকার লজ এলাকার একটি বন্ধ দোকানের শাটারে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় শাটারটি বিদ্যুতায়িত থাকায় ঘটনাস্থলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
 

 

স্থানীয় নির্মাণ শ্রমিক আনোয়ার হোসেন জানান, দোকানটি জিসান মোল্লার মালিকানাধীন এবং সেখানে অটোরিকশার ব্যাটারি ও পার্টস বিক্রি করা হয়। দোকানটি বন্ধ থাকলেও কোনোভাবে শাটারে বিদ্যুৎ সংযোগ ছিল বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আহিদুজ্জামান বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ফরিদপুর বিদ্যুৎ বিভাগের একটি দল এসে দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।

 
মরদেহের সুরতহাল শেষে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

 

 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :