পলাশী চত্বরে আগ্রাসনবিরোধী আট স্তম্ভের উদ্বোধন আজ

আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১১:০৪:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১১:০৪:৪৬ পূর্বাহ্ন
শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। তার এই মৃত্যুবাষির্কীতে উদ্বোধন হতে যাচ্ছে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ। বিকেল ৩টায় আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী চত্বরে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ সময় আট স্তম্ভ উদ্বোধন করবেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।



 
২০২০ সালের ৭ অক্টোবর আবরার ফাহাদের প্রথম শাহাদতবার্ষিকীতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে সর্বপ্রথম আট স্তম্ভ নির্মাণ করা হয়। আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এতে নেতৃত্ব দেন। কিন্তু চব্বিশ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্দেশে তা ভেঙে ফেলা হয়। এ ছাড়া আট স্তম্ভ নির্মাণের নেতৃত্ব দেওয়ার কারণে আখতার হোসেন ছাত্রলীগের হামলা ও নির্যাতনের শিকার হন।

স্মৃতিস্তম্ভের ফলকে লেখা ছিল ‘অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে’। আবরার ফাহাদ তার ফেসবুক প্রোফাইলেও ওই উক্তি ব্যবহার করেছিলেন।



 
প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ অক্টোবর ভারতের সঙ্গে বাংলাদেশের পানি ও গ্যাস চুক্তির বিষয়ে ভিন্নমত পোষণ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আবরার। সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে বুয়েটের শেরেবাংলা হলের গেস্টরুমে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সভা করে আবরারকে হত্যার সিদ্ধান্ত নেয়।

৬ অক্টোবর আবরার গ্রামের বাড়ি থেকে ফিরলে শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে নির্মম নির্যাতন করে আবরারকে হত্যা করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :