কিংবদন্তি প্রাণিবিজ্ঞানী জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

আপলোড সময় : ০২-১০-২০২৫ ১০:২৬:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৫ ১০:২৬:০৩ পূর্বাহ্ন
কিংবদন্তি প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরিবেশ আন্দোলনের পথিকৃৎ ড. জেন গুডল বুধবার ৯১ বছর বয়সে ইন্তেকাল করেছেন।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি আমার প্রিয় বন্ধু, বিশ্ববিখ্যাত প্রাণীবিজ্ঞানী, প্রাইমাটোলজিস্ট, নৃবিজ্ঞানী এবং পরিবেশ আন্দোলনের পথিকৃৎ ড. জেন গুডলের প্রয়াণে গভীরভাবে শোকাহত। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন এক অক্লান্ত কর্মী।


শান্তি, স্থায়িত্ব, ন্যায়বিচার এবং পৃথিবীর সকল প্রাণের পারস্পরিক সম্পর্কের জন্য তিনি জীবন উৎসর্গ করেছিলেন। প্রাকৃতিক জগত তার অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তাকে হারালো, আর আমাদের হৃদয়ে রেখে গেল এক গভীর শূন্যতা। আজ আমি তার অসামান্য অর্জন ও সাফল্যকে সম্মান জানাই, যা তার পার্থিব বিদায়ের পরও পৃথিবীতে প্রভাব বিস্তার করতে থাকবে।’
ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু জেন গুডল গ্রামীণ ব্যাংকের মাধ্যমে নারীর ক্ষমতায়নের উদ্যোগের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছিলেন।


নব্বইয়ের দশকে তিনি বাংলাদেশ সফর করেন এবং পরে আফ্রিকাসহ বিভিন্ন অঞ্চলে তার নিজস্ব কাজের মধ্যে এ নীতিকে অন্তর্ভুক্ত করেন। তিনি আমাদের জাতির এক নিবিড় বন্ধু হয়ে রইলেন। জেন সর্বদা আমাকে অনুপ্রাণিত করেছেন এবং আমাদের কাজের জন্য আন্তরিক প্রশংসা করেছেন। এমনকি সম্প্রতি ২০২৫ সালের জুন মাসে অনুষ্ঠিত সোশ্যাল বিজনেস ডে কনফারেন্সে তার বক্তব্যে তিনি এই বিষয়টি উল্লেখ করেছিলেন।

’
‘তার অমূল্য সমর্থন এবং প্রেরণার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। তিনি শুধু আমাকে নয়, বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন। আপনার আত্মা শান্তিতে থাকুক। জেন, পৃথিবী আপনাকে সবসময় মনে রাখবে।’

ব্রিটিশ প্রাইমাটোলজিস্ট জেন গুডল শিম্পাঞ্জি নিয়ে অগ্রণী গবেষণার মাধ্যমে প্রাইমেটদের প্রতি মানবজাতির ধারণাকে আমূল পরিবর্তন করেছিলেন এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য এক বৈশ্বিক আন্দোলনকে অনুপ্রাণিত করেছিলেন।


জেন গুডল ইনস্টিটিউট বুধবার জানিয়েছে, তিনি যুক্তরাষ্ট্রে তার বক্তৃতা সফরের সময় ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
১৯৩৪ সালের ৩ এপ্রিল লন্ডনে জন্ম নেওয়া গুডল তানজানিয়ার গোম্বে স্ট্রিম ন্যাশনাল পার্কে শিম্পাঞ্জিদের ওপর তার অগ্রণী ৬০ বছরের গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন। 

২০০২ সালে তিনি জাতিসংঘের শান্তির দূত হিসেবে মনোনীত হন। দীর্ঘ কর্মজীবনে গুডল বহু প্রভাবশালী গ্রন্থ রচনা করেন, যার মধ্যে অন্যতম ইন দ্য শ্যাডো অব ম্যান। তিনি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ কয়েকটি পুরস্কার লাভ করেন, যার মধ্যে রয়েছে ১৯৯০ সালে কিয়োটো পুরস্কার এবং ২০২১ সালে টেম্পলটন পুরস্কার।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :