সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলারস কাউন্সিলের চেয়ারম্যান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তিনি টানা ৩৪ বছর পবিত্র হজের খুতবা দিয়েছিলেন এবং ২৬ বছর দেশটির গ্র্যান্ড মুফতির দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ৮২ বছর বয়সে তার ইন্তেকাল হয়েছে। বিকালে আসর নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীসহ দেশটির সব মসজিদে তার গায়েবানা নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন।
গ্র্যান্ড মুফতির মৃত্যুতে শোক জানিয়ে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান রাজকীয় আদালতের বিবৃতিতে বলেছেন, ‘আলে-শেখের মৃত্যুতে সৌদি আরব ও মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট আলেমকে হারাল। তিনি ইসলাম ও মুসলিমদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ বিশ্বখ্যাত ইসলামী পণ্ডিত ছিলেন। ১৯৯৯ সালের জুন মাসে সৌদি আরবের সাবকে বাদশাহ ফাহাদ তাঁকে শায়খ আবদুল আজিজ ইবনে বাজ (রহ.)-এর উত্তরসূরি হিসেবে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নিযুক্ত করেন। পাশাপাশি তিনি মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান এবং জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার প্রধানসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
শায়খ আবদুল আজিজ ১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্মগ্রহণ করেন।
১৯৬৫ সালে রিয়াদের ইমাম আল-দাওয়া স্কলারলি ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে নিযুক্ত হন। আট বছর পর তিনি ইমাম মুহাম্মদ বিন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগে সহকারী অধ্যাপক ও পরে সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করেন। পাশাপাশি রিয়াদের উচ্চতর বিচার বিভাগীয় ইনস্টিটিউটেও শিক্ষকতা করেছেন। তিনি সৌদি আরবের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন।
১৪০২ হিজরি মোতাবেক ১৯৮২ সালে আরাফা প্রাঙ্গণের ঐতিহাসিক নামিরাহ মসজিদে ইমাম ও দাঈ হিসেবে নিযুক্ত হন। তখন থেকে ১৪৩৬ হিজরি মোতাবেক ২০১৪ সাল পর্যন্ত টানা ৩৪ বছর নামিরাহ মসজিদে পবিত্র হজের সময় আরাফাতের খুতবা প্রদান করেছেন। ১৯৮৭ সালে তিনি সিনিয়র স্কলারস কাউন্সিলে নিযুক্ত হন। ১৯৯১ সালে তিনি স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার স্থায়ী কমিটির পূর্ণকালীন সিনিয়র সদস্য হন। ১৯৯৫ সালে তিনি সৌদি আরবের ডেপুটি গ্র্যান্ড মুফতি নিযুক্ত হন।
তথ্যসূত্র : সৌদি গেজেট ও আল-আরাবিয়্যাহ