রাজশাহীর তানোরে টিভি নেটওয়ার্ক সংযোগ নিয়ে দ্বন্দ্বের জেরে পুলিশের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। এতে এক এএসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে থানা গেটের সামনে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত এক বিএনপি নেতা নিজের লোকজন দিয়ে ‘মব’ তৈরি করে হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
ঘটনাস্থল থেকে জুবায়ের আলী, ইলিয়াস ও জাকির নামে তিনজনকে আটক করে পুলিশ। এরমধ্যে ইলিয়াস ও জাকিরকে ছাড়িয়ে নিয়েছেন বহিষ্কৃত নেতা মিজানুর রহমান। তিনি (মিজান) বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের প্রোপাইটর। পুলিশ জুবায়েরকে হেফাজতে নিয়েছে। তিনি বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তানোরের কন্দপুর গ্রামের মোকলেছ আলী দীর্ঘদিন ধরে কেবল টিভি নেটওয়ার্কের ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি কৃষক দলের ওয়ার্ড সভাপতিও। ওই এলাকায় মিজানুর রহমানের বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের সংযোগ দেওয়া হয়। এ নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়। এর ফলে ওসির নির্দেশে ঘটনাটি সমাধানের জন্য শুক্রবার বেলা ১১টার দিকে থানায় বসার সময় নির্ধারণ করেন এএসআই রুহুল আমীন। তাই মোকলেছ আলী লোকজন নিয়ে থানার সামনে উপস্থিত হলে মিজানুর রহমানের লোকজন ‘মব’ সৃষ্টি করে তাদের ওপর হামলা চালান। বাধা দিতে এগিয়ে গেলে পুলিশের ওপর হামলা চালান তারা। এ সময় এএসআই রুহুল আমীন ও এক কনস্টেবল আহত জন। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করে।
এ বিষয়ে মোকলেছ আলী বলেন, ঘটনাটি সমাধানের জন্য তিনি লোকজন থানার সামনে উপস্থিত হন। এ সময় মিজানের লোকজন জুবায়ের, ইলিয়াস ও জাকির ‘মব’ সৃষ্টি করে তাদের ওপর হামলা করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু পুলিশের ওপরও হামলা চালান তারা।
থানার এএসআই রুহুল আমীন বলেন, টিভি নেটওয়ার্ক সংযোগ আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ওসি স্যারের নির্দেশে উভয়পক্ষকে থানায় ডাকা হয়। এ সময় বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের লোকজন ‘মব’ সৃষ্টি করে মোকলেছ আলী ও তার লোকজনকে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। তবে তাদের ওপরও হামলা হয়।
এ বিষয়ে জানতে বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের প্রোপাইটর বহিষ্কৃত বিএনপি নেতা মিজানুর রহমান মিজানের মোবাইলে ফোন দেওয়া হয়। কিন্তু তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।