ভোলায় মামলার ভয় দেখিয়ে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ২ নেতা হলেন সংগঠনটির ভোলা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাকিব হোসেন (৩০) ও সিনিয়র সদস্যসচিব হাসান মুনতাছির রহমান (২০)।
রকিব সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের আবুল খায়েরের ছেলে ও হাসান মুনতাছির একই ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে। গ্রেপ্তার দুজনকে চাঁদাবাজি মামলায় আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, গত ১৯ জুন পশ্চিম ইলিশা ইউনিয়নে আল আমিন নামের এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন আল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে ভোলা থানায় একটি চুরির মামলা করেন। এ মামলার ভয় দেখিয়ে বাপ্তা ইউনিয়নের রাকিব ও মোনতাছির রহমান স্থানীয় মো. শেখ ফরিদের নাতি মো. জিতু জড়িত আছে বলে তাদের কাছ থেকে চাঁদা দাবি করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দুইজন পুলিশের কাছে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার। পরবর্তীতে এদের দুইজনকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।