গানের শিক্ষক নিয়োগ বাতিল করতে হবে: জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ
আপলোড সময় :
১৬-০৯-২০২৫ ১০:৪১:১৩ অপরাহ্ন
প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগে জারি করা সার্কুলার বাতিলের দাবি জানিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ। তাদের বক্তব্য, অবিলম্বে এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। দাবি আদায় না হলে প্রয়োজনে তারা রাজপথে নামবেন বলেও হুমকি দিয়েছেন।
মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত জাতীয় সেমিনারে তারা ওই দাবি তোলেন। এতে বিভিন্ন ইসলামী দল ও ওলামা সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
দাবি আদায়ে সেমিনার থেকে আগামী শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ওলামা মাশায়েখদের বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। তিনি বলেন, ‘দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।’ বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গানের শিক্ষক নিয়োগ দিয়ে কী বোঝাতে চান? নিয়োগের সার্কুলার অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে।
খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামবিদ্বেষী করে গড়ে তোলার ষড়যন্ত্র চলছে। দাবি না মানলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজি বলেন, ‘অপসংস্কৃতি উৎপাটন করতে হবে। আগে মুসলিম হতে হবে, তারপর অন্য ধর্মের শিক্ষাও সবাই শিখুক। স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষকের অভাব দূর করতে হবে।’
কমেন্ট বক্স