চাঁদপুরে সাদের অনুসারীদের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জিকির-আজকারের মধ্য দিয়ে চাঁদপুরে বিশ্ব তাবলিগ জামাতের দিল্লি মারকাজের মাওলানা সাদের অনুসারীদের অংশগ্রহণে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। ইজতেমায় চাঁদপুর জেলাসহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজার হাজার মুসল্লির পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ইজতেমা ময়দান।
আজ সকালে আমবয়ান ও দাওয়াতে দ্বীনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনার মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ইজতেমা প্রাঙ্গণে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শীর্ষস্থানীয় বয়ানকারী মুরুব্বিরা পর্যায়ক্রমে ঈমান, আমল, আখলাক এবং দ্বীনের মেহনত নিয়ে গুরুত্বপূর্ণ দ্বীনি বয়ান পেশ করছেন।
ইজতেমা কমিটি সূত্রে জানা গেছে, তিন দিনের এই ইজতেমায় মুসল্লিদের সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অবস্থানের জন্য প্যান্ডেল নির্মাণ, অজুখানা, শৌচাগার, ও সুপেয় পানির পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইজতেমা সফল করতে আয়োজকদের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।
আয়োজকরা জানান, শনিবার শেষ দিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই জেলা ইজতেমার সমাপ্তি ঘটবে। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হবে।