২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

চীনা বাহিনীকে গোপনে প্রশিক্ষণ, সাবেক মার্কিন পাইলট গ্রেপ্তার

আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০২:২১:০৯ অপরাহ্ন
চীনা বাহিনীকে গোপনে প্রশিক্ষণ, সাবেক মার্কিন পাইলট গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা জেরাল্ড ব্রাউনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অনুমতি ছাড়াই চীনের সামরিক পাইলটদের প্রশিক্ষণ দিয়েছেন।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, সাবেক এই মেজর ‘রানার’ নামে পরিচিত ছিলেন। তিনি গতকাল বুধবার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে আটক হন।

 
চীনা পাইলটদের প্রতিরক্ষা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

এফবিআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড স্পাইএঞ্জ ডিভিশনের সহকারী পরিচালক রোমান রোজাভস্কি এক বিবৃতিতে বলেন, ৬৫ বছর বয়সী ব্রাউন একজন সাবেক এফ-৩৫ লাইটনিং ২ যুদ্ধবিমানের প্রশিক্ষক পাইলট ছিলেন। এ ছাড়া তিনি বিমান বাহিনীতে কয়েক দশকের অভিজ্ঞতা অর্জন করেছিলেন। তিনি যাদের রক্ষা করার শপথ নিয়েছিলেন তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য চীনা পাইলটদের প্রশিক্ষণ দিয়ে তার দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ রয়েছে।

 
’

 

রোজাভস্কি আরো বলেন, ‘চীনা সরকার চীনের সামরিক সক্ষমতা আধুনিকীকরণের জন্য মার্কিন সশস্ত্র বাহিনীর বর্তমান এবং সাবেক সদস্যদের দক্ষতা কাজে লাগাচ্ছে। এই গ্রেপ্তার একটি সতর্কতা হিসেবে কাজ করবে।’ 

কলম্বিয়া জেলার মার্কিন অ্যাটর্নি জিনাইন ফেরিস পিরো বলেন, ‘ব্রাউন এবং আমাদের জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী যে কেউ তাদের কর্মকাণ্ডের জন্য দায়ী থাকবে।’ বিচার বিভাগের মতে, ব্রাউন ২৪ বছর ধরে মার্কিন বিমান বাহিনীতে দায়িত্ব পালন করেছেন, যুদ্ধ মিশনের নেতৃত্ব দিয়েছেন এবং পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থার সঙ্গে জড়িত ‘সংবেদনশীল ইউনিট’ পরিচালনার দায়িত্বে ছিলেন।

 

 

১৯৯৬ সালে মার্কিন সেনাবাহিনী বের হওয়ার পরে ব্রাউন একজন বাণিজ্যিক কার্গো পাইলট হিসেবে কাজ করেন এবং তারপর মার্কিন পাইলটদের এফ-২৫ এবং এ-১০ যুদ্ধবিমান ওড়ানোর প্রশিক্ষণ দেন।

ব্রাউনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২৩ সালের ডিসেম্বরে চীনা পাইলটদের প্রশিক্ষণের কাজ শুরু করার জন্য চীনে গিয়েছিলেন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসার আগ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন।

চীনা পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য তার করা চুক্তির বিষয়টি আলোচনায় আসে Stephen Su Bin-এর সঙ্গে যোগাযোগের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, সু বিন ২০১৬ সালে দোষ স্বীকার করেন এবং চীনের জন্য সামরিক গোপন তথ্য চুরি করতে একজন মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারের কম্পিউটার হ্যাকের ষড়যন্ত্রে জড়িত থাকার অপরাধে চার বছরের কারাদণ্ড পান।

বিচার বিভাগ জানিয়েছে, ব্রাউনের বিরুদ্ধে আনা অভিযোগ অনেকটাই যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের সাবেক পাইলট ড্যানিয়েল ডুগান-এর বিরুদ্ধে আনা অভিযোগের মতো।

 
ডুগানকে ২০২২ সালে অষ্ট্রেলিয়াতে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে লড়াই করছেন। তার বিরুদ্ধে অভিযোগ—চীনের সশস্ত্র বাহিনীকে পাইলট প্রশিক্ষণ দিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করেছেন।

 

২০২৫ সালের অক্টোবরে ডুগান অস্ট্রেলিয়ার একটি আদালতে তার প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করেন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার তৎকালীন অ্যাটর্নি জেনারেল মার্ক ড্রেফাস এই প্রত্যর্পণের অনুমোদন দিয়েছিলেন। ৫৭ বছর বয়সী ডুগান চীন থেকে ফিরে আসার পর ২০২২ সালে অস্ট্রেলিয়ান পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি ২০১৪ সাল থেকে চীনে বসবাস করছিলেন।

২০২৪ সালে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে একটি সতর্কবার্তা দেয়।
তারা জানায়, চীন বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক সেনা সদস্যদের নিজেদের পক্ষে কাজ করাতে চাইছে, যাতে পশ্চিমা দেশের সামরিক অভিজ্ঞতা ব্যবহার করে নিজেদের শক্তি বাড়াতে পারে।

সতর্কবার্তায় বলা হয়, চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি পশ্চিমা সামরিক বিশেষজ্ঞদের কাছ থেকে যে তথ্য ও দক্ষতা পাচ্ছে, তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ ছাড়া, কোনো বিদেশি সেনাবাহিনীকে অনুমতি ছাড়া প্রশিক্ষণ বা সামরিক সহায়তা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সূত্র : আলজাজিরা
 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ