কক্সবাজারে থানা হাজতে দুর্জয়ের মৃত্যু, গঠিত তদন্ত কমিটির তথ্য সংগ্রহ
আপলোড সময় :
২৭-০৮-২০২৫ ০১:৪০:১৩ অপরাহ্ন
সেলিম উদ্দিন, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়া থানা হাজতে সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি দূর্জয় চৌধুরীর মৃত্যুর ঘটনায় শিক্ষা অধিদফতর কতৃক গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। গতকাল মঙ্গলবার ২৬ আগস্ট সকালে তদন্ত টিমের আহবায়ক (প্রধান) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চল এর পরিচালক প্রফেসর মোঃ ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা চকরিয়া এসে পৌঁছান। এসময় তদন্ত কমিটির সদস্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক উপপরিচালক (মাধ্যমিক) ফরিদুল আলম এবং কমিটির অপর সদস্য চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম সঙ্গে ছিলেন।
জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য ও চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল দশটার দিকে তদন্ত কমিটির ়আহবায়কের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি প্রথমে চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে যান।সেখানে তদন্ত টিমের বিদ্যালয়ের তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টর থেকে তথ্য সংগ্রহ করেন এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহন করেন।
এরপর দুপুর একটার পরে তদন্ত টিম চকরিয়া থানায় পৌঁছেন। সেখানে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সেখান থেকে বিকাল তিনটার দিকে তদন্ত কমিটির সদস্যরা চকরিয়া উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন।
গত ২৪ আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক-১ এসএম জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্কুলের অফিস সহকারীর মৃত্যুর ঘটনায় চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানমকে ওএসডি করা হয়।
এছাড়া একই বিভাগের অপর আদেশে এ ঘটনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এর চট্টগ্রাম অঞ্চল এর পরিচালককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিনদিনের মধ্যে সরেজমিন তদন্তপূর্বক সুস্পষ্ট মতামত ও প্রমানসহ প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়।
শিক্ষা অধিদফতরের ওই আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার গঠিত তদন্ত কমিটি সরেজমিনে চকরিয়া পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছেন বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম।
কমেন্ট বক্স