বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও টকশো ব্যক্তিত্ব এ এস এম শাহরিয়ার কবিরের একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিওতে দেখা গেছে, ভ্রাম্যমাণ বয়োজ্যেষ্ঠ এক পান বিক্রেতার হাতে এক হাজার টাকার নোট দিতে দেখা যায়।
টাকা দেওয়ার সময় শাহরিয়ারের হাতে ভোটের প্রচারপত্র ছিল। ঘটনাটি গত শনিবার রাজধানীর মিরপুর এলাকায়।
ভিডিওতে দেখা যায়, শাহরিয়ার কবির পান বিক্রেতাকে ব্যবসার অবস্থা জানতে চান। উত্তরে তিনি বলেন, মোটামুটি চলছে।
কথোপকথনের একপর্যায়ে শাহরিয়ার কবির সরকার, রিজিক এবং আল্লাহর ক্ষমতা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।
ভিডিও ভাইরাল হলে গতকাল সোমবার রাত ৮টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট দেন শাহরিয়ার কবির। সেখানে তিনি লেখেন, গত শনিবার মিরপুর এলাকায় জামায়াতের সমর্থনে গণসংযোগের সময় ওই পান ও সিগারেট বিক্রেতার সঙ্গে কথা বলে জানতে পারেন, সারা দিনে তেমন বিক্রি হয়নি। তাই সবার সামনে ক্যামেরার উপস্থিতিতেই মানবিক কারণে তিনি এক হাজার টাকা দেন।
এতে তিনি আরও বলেন, একই স্থানে শিশুদের খেলাধুলার জন্যও কিছু টাকা উপহার দিয়েছেন এবং গণমাধ্যমকে অনুরোধ করেছেন বিষয়টিকে অন্যভাবে না দেখতে। কিন্তু তাঁর অভিযোগ, জুলকারনাইন সায়ের খানসহ বিভিন্ন গণমাধ্যম মানবিক সহায়তাকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছে। এতে তিনি মর্মাহত বলে উল্লেখ করেন। কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনাও করেন।