পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে (কেপি) আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। কর্মকর্তাদের মতে, স্থানীয় সময় শুক্রবার রাতে কুরেশি মোরের কাছে শান্তি কমিটির সদস্যের বাসভবনে আত্মঘাতী হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আরো১০ জন আহত হন।
ডেরা ইসমাইল খান জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) সাজ্জাদ আহমেদ সাহেবজাদার জানান, শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাসভবনে একটি বিয়ের অনুষ্ঠানের সময় বিস্ফোরণটি ঘটে।
হামলার সময় অংশগ্রহণকারীরা ঢোলের তালে নাচছিলেন বলে জানা গেছে।
খাইবার পাখতুনখোয়া রেসকিউ ১১২২ এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি এক বিবৃতিতে বলেছেন, পাঁচটি মৃতদেহ এবং ১০ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই সাতটি অ্যাম্বুলেন্স, একটি দমকল বাহিনীর গাড়ি এবং একটি দুর্যোগ মোকাবেলার গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি আরো বলেন, উদ্ধার অভিযান চলছে। কর্তৃপক্ষ এলাকাটি ঘিরে রেখেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং কেপি পুলিশের মহাপরিদর্শকের কাছ থেকে প্রতিবেদন চেয়েছেন। এক বিবৃতি অনুসারে, তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ঘটনাটি তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন।
তিনি বলেন, দায়ীদের বিচারের আওতায় আনা হবে। প্রাদেশিক সরকার শহীদদের পরিবারের প্রদি শোক জানাচ্ছে।
এই মাসের শুরুতেও সশস্ত্র হামলাকারীরা কেপির বান্নু জেলায় একটি শান্তি কমিটির চার সদস্যকে হত্যা করেছিল। ২০২৫ সালের নভেম্বরে কেপির বান্নু জেলায় একটি শান্তি কমিটির অফিসে হামলায় সাতজন নিহত হয়েছিল।
সূত্র : ডন।