রাজশাহীতে শীতের তীব্রতা নতুন মাত্রা পেয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা নেমে আসে ৭ ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশা তেমন না থাকলেও হিমেল বাতাসের দাপটে আগের কয়েকদিনের তুলনায় ঠাণ্ডা আরো বেশি অনুভূত হচ্ছে।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, সোমবার (৫ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি এবং সর্বোচ্চ ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রির মধ্যে ওঠানামা করলেও আজ তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ভোর ৬টা ৪৭ মিনিটে সূর্য ওঠার সময় থাকলেও সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।
তীব্র শীতের কারণে নগরীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল শতভাগ। এর ফলে হিমেল বাতাসে শরীরে শীতের অনুভূতি আরো তীব্র হয়ে উঠছে।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। শিশু ও মেডিসিন ওয়ার্ডে অতিরিক্ত রোগীর চাপ লক্ষ্য করা যাচ্ছে। চিকিৎসকদের মতে, হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় নিউমোনিয়া, সর্দি-কাশি, ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, আজ সকাল ৬টায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন। বাতাসে আর্দ্রতার পরিমাণ শতভাগ থাকায় অনুভূত তাপমাত্রা আরো কম মনে হচ্ছে।