লক্ষ্মীপুরে মাটিবাহী একটি পিকআপ ভ্যানের চাপায় ফাহিম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সে পেশায় মাটি কাটার শ্রমিক ছিল। সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের উত্তর নুরুল্লাহপুর গ্রামের কাজিরডগি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম একই ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের দুলা হাজি বাড়ির কামাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফাহিম ঘটনাস্থলে মাটি কাটার কাজ করছিল। এসময় পেছন দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক গাড়ি রেখে পালিয়ে যায়।
দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।