জামায়াত ও সমমনা ৮ দলের সঙ্গে নির্বাচনী জোটে যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। আজ রবিবার সমমনা-৮ দল ও এনসিপি উভয় পক্ষ সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছে। এনসিপির সংবাদ সম্মেলন চলাকালে এ জোট নিয়ে নিজের অবস্থান তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।
ওই পোস্টে এনসিপি-জামায়াত জোটে যুক্ত না হওয়ার কথা জানিয়েছেন সাবেক এ তথ্য উপদেষ্টা।
মাহফুজ তার পোস্টে বলেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর আমি চাহিবামাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি। আমার অবস্থান স্পষ্ট।
তিনি বলেন, বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না। কিন্তু, আমি এ এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেয়া হয়নি, এটা সত্য নয়। কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্টান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ।
মাহফুজ আলম বলেন, ইতিহাসের এ চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে।