পশ্চিম সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি একটি ট্রলার, একটি নৌকাসহ ৯ জন জেলেকে আটক করেছে বন বিভাগ। রবিবার (২১ ডিসেম্বর) বনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকার মান্দারবাড়িয়া ও হলদেবুনিয়স খাল থেকে তাদের আটক করা হয়।
মান্দারবাড়িয়া থেকে আটক ছয় জেলে হলেন বাগেরহাট জেলার মোংলা উপজেলার পেড়িখালী গ্রামের হেদায়েত গোলদারের ছেলে তরিকুল গোলদার (৪০), খালেক শেখের ছেলে রেজাউল শেখ (৪০), একই উপজেলার উলুবুনিয়া গ্রামের রজব আলী শেখের ছেলে রনি শেখ (২২), মজনু শেখের ছেলে সোহাগ শেখ (২২), শানবান্দা গ্রামের পিয়ার শেখের ছেলে খলিল শেখ (১৮) ও উত্তরবিদ্যা বায়ন গ্রামের মৃত ননীগোপাল অধিকারীর ছেলে বিশ্বনাথ অধিকারী (৪২)।
অপর দিকে হলদেবুনিয়া থেকে আটক তিন জেলেরা হলেন— খুলনা জেলার কয়রা থানার মঠবাড়ি গ্রামের মৃত মনতাজ গাজীর ছেলে হারুন গাজী (৪৮), কয়রা গ্রামের আব্দুল জব্বার গাজীর ছেলে আব্দুর রফিক ফারুক (৪০) ও শ্যামনগর উপজেলার মরগাং গ্রামের সুজউদ্দীন গাজীর ছেলে আবু হাসান গাজী (২৭)।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা করে রবিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। সুন্দরবন রক্ষায় এমন অভিযান চলমান থাকবে এবং বনাঞ্চলে অবৈধ প্রবেশকারীদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’