ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ৫০ জন, যাদের উদ্ধার করে গোয়া মেডিক্যাল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রবিবার (৭ ডিসেম্বর) ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিক তথ্য বলছে নিহতদের মধ্যে ৩-৪ জন পর্যটক ছিলেন, বাকি ১৯ জন নাইটক্লাবটির কর্মী।
এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, রাত আনুমানিক ১টার দিকে আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে গোয়ার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) জানিয়েছেন, পরিদর্শনের সময় সিলিন্ডারগুলো অক্ষত পাওয়া গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে।
রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘আজ গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক একটি দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে।’
তিনি লেখেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছি।
ঘটনাস্থলে সাংবাদিকদের প্রমোদ সাওয়ান্ত বলেন, ‘তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক রয়েছেন।’