ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চুরির অপবাদে এক যুবককে নির্যাতনের পর নাকে খত দিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার কালিশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিও রবিবার(২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। নির্যাতনের শিকার রসুল আলী ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
জানা গেছে, গত শুক্রবার রাতে ওই গ্রামের পল্লী চিকিৎসক এনামুল হকের বাড়িতে চুরি হয়। পরেরদিন বিকেল ৪ টার দিকে সালিশের নাম করে ওই যুবককে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নেওয়া হয়। পরে তাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করেন ভায়না ইউনিয়নের ৯ নং ওর্য়াড বিএনপির সভাপতি সিরাজুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, যুবককে মাটিতে শুইয়ে নাক মাটিতে ঘষতে ঘষতে গ্রামে ঘোরাচ্ছেন একজন ব্যক্তি।
অভিযোগের বিষয়ে জানতে বিএনপি নেতা সিরাজুল ইসলামের মোবাইলে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার কালের কণ্ঠকে বলেন, ‘এ ধরণের আইন বর্হিভূত ঘটনা কাম্য নয়। এ ঘটনা নিয়ে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করছে।’