গাজীপুরের কালিয়াকৈরে এক সাংবাদিককে অপহরণ, মারধর ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়ের দাবি, এক পরিচিত নারীসহ চারজন মিলে তাকে ফাঁদে ফেলে নির্যাতন করে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি নির্জন এলাকায়।
অভিযোগ সূত্রে জানা যায়, পরিচিত নারী তাহরিমা জান্নাত সুরভী খবর দেওয়ার কথা বলে দুর্জয়ের সঙ্গে দেখা করতে বলেন।
অভিযোগে আরো বলা হয়, চারজন দুর্জয়কে জোর করে একটি অটোরিকশায় তুলে গাজীপুরের আন্দারমানিক রোডের একটি বাসায় নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে লাঠি, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, দুর্জয়ের গলায় পরিচয়পত্র ঝুলিয়ে জোর করে তাকে দিয়ে ইয়াবা বিক্রির ভিডিও ধারণ করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি মৌচাক পুলিশ ফাঁড়িকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।