বিএনপির চেয়ারপারসন ও দিনাজপুর-৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদে দলের মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছে দিনাজপুর জেলা বিএনপি।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার, মা তৈয়বা মজুমদা ও বড় বোন খুরশিদ জাহান হকের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা কার্যক্রমের শুরু করে জেলা বিএনপি।
এ সময় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হালিম, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু বকর সিদ্দিকসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারতের পর ফরিদপুর গোরস্থান মোড়ে আনুষ্ঠানিক লিফলেট বিতরণ শুরু করা হয়।
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শৈশব বেড়ে উঠেছে দিনাজপুর সদর উপজেলায়। তিনি দেশের জন্য সব সময় আপসহীন হিসেবে কাজ করেছেন। আমরা দিনাজপুরবাসী তার জন্য গর্বিত।
বেগম খালেদা জিয়া দেশের বিভিন্ন আসনে নির্বাচন করলেও এই প্রথম দিনাজপুর সদর-৩ আসনে নির্বাচন করছেন।