কিশোরগঞ্জের কটিয়াদীতে গভীর রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল সমর্থক ঝটিকা মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার লোহাজুরী ইউনিয়নে এই মশাল মিছিলটি হয় বলে জানা গেছে। এতে দলটির বেশকিছু সমর্থক নানান স্লোগান দেন।
খবর পেয়ে কটিয়াদী মডেল থানার পুলিশ রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করে।
আটক ব্যক্তি লোহাজুরী ইউপির দক্ষিণ ঝিড়ারপার গ্রামের মৃত আব্দুল হাই-এর ছেলে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. কালা মিয়া (৫০)। মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়।
কটিয়াদী মডেল থানার এসআই সুলতান জানান, পুলিশ রাতেই মশাল মিছিলে অংশগ্রহণকারী একজনকে আটক করেছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
আটক ব্যাক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।