মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে গাংনী উপজেলা ও পৌর বিএনপির একাংশ নেতাকর্মী।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় গাংনী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা বাজার প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের দলীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
মশাল মিছিল শেষে আয়োজিত পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজউদ্দীন কালু ও সাধারণ সম্পাদক আবদুল আওয়াল। বক্তারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান, গাংনী আসনে বর্তমান মনোনীত প্রার্থীর পরিবর্তে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার জন্য।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুমন, জেলা ছাত্রদলের সভাপতি সাজেদুর রহমান বিপ্লবসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, এই আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকেই সেটি পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপির একাংশ। এরই মধ্যে মনোনীত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেনের অনুসারী ও জেলা সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর ও দলীয় অফিসে হামলার ঘটনাও ঘটেছে।