বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,আমাদের আন্দোলন-সংগ্রামের মুখে হাসিনা পালিয়ে গেছে। কিন্তু হাসিনার ষড়যন্ত্র থেমে থাকেনি। নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে। এ নির্বাচনটাকে আদায় করে নিতে হবে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের আয়োজনে ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘তারেক রহমান দেশের বাহিরে আছেন, তিনি নির্যাতিত। খালেদা জিয়া মাসের পর মাস জেলে ছিলেন, তাকে কিভাবে অত্যাচার-নির্যাতন করে রাখা হয়েছিল, তিনি কিভাবে অসুস্থ হয়েছেন জেলখানায় থাকাবস্থায়।
তিনি বলেন, ‘তারেক রহমান বিদেশে থেকেও বিগত আন্দোলন-সংগ্রামে আমাদের নেতৃত্ব দিয়েছেন দেশের জন্য, দেশবাসীর জন্য। তারেক রহমান সব রাজনৈতিক দল, সব মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। আমাদের ঐক্যবদ্ধ থেকে এ নির্বাচনটা আদায় করে নিতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আবুল হাসেম প্রমুখ।