আসন্ন জলবায়ু সম্মেলন কপ-৩০কে সামনে রেখে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর শুভেচ্ছা দূত জয়া আহসান এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার মঙ্গলবার (৪ নভেম্বর) খুলনার দাকোপ পরিদর্শন করেন। সফরের উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাব প্রত্যক্ষ করা এবং স্থানীয় জনগোষ্ঠী কিভাবে অভিযোজনমূলক উদ্যোগের মাধ্যমে নিজেদের জীবনযাত্রা গড়ে তুলছে, তা পর্যবেক্ষণ করা।
বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর বাস্তবতা অনুধাবন করা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে কার্যকর পদক্ষেপ জোরদার করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানোই এই সফরের মূল বার্তা।
সফরকালে তারা বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, সুইডেন ও ডেনমার্কের সহায়তায় বাস্তবায়িত ইউএনডিপি ও ইউএনসিডিএফ-এর লজিক (LoGIC) প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় তারা খুলনার তিলডাঙ্গা ইউনিয়ন পরিদর্শন করে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং কিভাবে নারীরা জলবায়ু অভিযোজনের নেতৃত্ব দিচ্ছেন, পানির সংকট মোকাবেলা থেকে শুরু করে বিকল্প জীবিকার সুযোগ তৈরি পর্যন্ত, তা প্রত্যক্ষ করেন।
সফর শেষে জয়া আহসান বলেন, ‘দাকোপে এসে আমি প্রত্যক্ষ করেছি, জলবায়ু পরিবর্তন এখানে কেবল একটি সংবাদ নয়, এটি মানুষের প্রতিদিনের বাস্তবতা।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ‘দাকোপে এসে জলবায়ু পরিবর্তনের প্রকৃত মুখোমুখি হওয়া এক গভীর অভিজ্ঞতা। এটি ভবিষ্যতের আশঙ্কা নয় বরং আজকের বাস্তব সংগ্রাম।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এই সফরটি, একটি টেকসই, ন্যায়সংগত ও জলবায়ু সহনশীল পৃথিবীর জন্য একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছে।