নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জাগো নিউজের প্রতিনিধি মো. আকাশ, ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুন ও আয়াজ। হামলাকারী কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেন (৬০) তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি আতা-ই-রাব্বির বাবা।
হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করেছে। এক পর্যায়ে সন্ত্রাসী বাহিনী তিনজনকে আটকে মারধর করেছে। তাদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ জানান, গিরিধারা বউবাজার এলাকাতে এক নারীর অভিযোগ ছিল তাদের জমি দখল করে রেখেছিল বিএনপির নামধারী নেতা শাহাদাত ও তার ছেলে রাব্বি।
খবর পেয়ে পুলিশ গিয়ে তিনজনকে উদ্ধার করেছে। তাদের খানপুরে ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।