জামালপুরের সরিষাবাড়ি সীমান্তবর্তী কাজিপুর উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে নতুন "যমুনা উপজেলা" গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩ নভেম্বর ) দুপুরে সরিষাবাড়ি-বামনজানি-কাজিপুর প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে "যমুনা উপজেলা" বাস্তবায়ন পরিষদ।
প্রমত্তা যমুনা নদী দ্বারা বেষ্টিত এসব এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এ নিয়ে আন্দোলন করে আসলেও কোনো সরকার তাদের দাবি মেনে নেয়নি।
মানববন্ধনে বক্তারা বলেন, কাজীপুর উপজেলা ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত।
তারা আরো বলেন, কৃষিপ্রধান এই অঞ্চলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব সংগ্রহ করলেও এখানকার মানুষ শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও অন্যান্য সেবায় চরম বৈষম্যের শিকার। এ অঞ্চলের জন্য প্রয়োজন একটি পৃথক প্রশাসনিক ইউনিট, "যমুনা উপজেলা", যা এখানকার মানুষের উন্নয়ন ও সেবার সুযোগ বাড়াবে।
সমাবেশে বক্তব্য রাখেন নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল কাদের, কবি আলতাফ হোসেন, প্রকৌশলী ফরিদুল ইসলাম, প্রকৌশলী মাহবুবুর রহমান সুমন, আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আব্দুল বাকি বিএসসি প্রমুখ।