বিদেশ যেতে না দেয়ার ব্যাখ্যা চাইলেন মিলন
বিএনপি নেতা ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, আমি সরকারের কাছে জানতে চাই, কেন আমাকে বিদেশে যেতে দেয়া হলো না? গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে তিনি এই ব্যাখ্যা দাবি করেছেন। এহসানুল হক মিলন বলেন, এই সরকার মহান ’২৪-এর গণ-অভ্যুত্থানের সরকার। আমার দল বিএনপি শুরু থেকেই প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে আসছে। প্রধান উপদেষ্টার প্রতি আমার গভীর শ্রদ্ধা-সম্মান রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সরকার কোনো সংস্থা বা বিভাগ কারও ভুল তথ্য বা ষড়যন্ত্রে বিভ্রান্ত হবেন না। আমিসহ দেশের সকল নাগরিকের সাংবিধানিক ও নাগরিক, মানবিক অধিকার রক্ষায় তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি বলেন, আমি রাষ্ট্রের প্রতি আনুগত্য ও আইনের শাসন প্রতিষ্ঠার সর্বদা সচেষ্ট আছি এবং থাকবো। রাষ্ট্রের প্রয়োজন, দেশ ও মানুষের কল্যাণে সরকারের সঙ্গে সর্বাঙ্গীন সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।
গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে যেতে না দেয়ার ঘটনার স্মৃতিগুলো তুলে ধরেন বিএনপি’র এই নেতা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে ব্যাংকক যাওয়ার জন্য হয়রত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মিলনকে ইমিগ্রেশন বিভাগ যেতে বাধা দেয়। ফলে তিনি যেতে পারেননি।
কমেন্ট বক্স