যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে ব্যতিক্রমী এক মানবিক কর্মসূচি আয়োজন করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে শহরের মুক্ত বাজার জুলাই চত্বর প্রাঙ্গণে জেলা যুবদলের উদ্যোগে দুস্থদের জন্য এক টাকার বাজার ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
যুবদল সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অংশ হিসেবে যুবদলের উদ্যোগে ২০০ দুস্থ লোকের মাঝে এক টাকা মূল্যে চাল ৩ কেজি, ডাল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, আলু ২ কেজি, তেল ১ কেজি ও বিস্কুট ১ প্যাকেট প্রদান করা হয়। এ ছাড়া ৫০০ শ্রমজীবী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেনসহ (ভিপি বেলাল), জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, আমরা এবারের প্রতিষ্ঠাবার্ষিকীটি ভিন্নভাবে উদযাপন করতে চেয়েছি। যাতে যুবদলকে মানুষের আরো কাছাকাছি নিয়ে আসা যায়। মানুষের জন্য রাজনীতি ও কল্যাণমূলক কাজ এই ওয়েলফেয়ার পলিটিক্সই আমাদের লক্ষ্য।