ইডকল-বুয়েটের যৌথ উদ্যোগে চালু হলো উন্নত চুলার ল্যাবরেটরি
ইডকল ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ যৌথভাবে ইডকল-ডিসিএইচই, বুয়েট আইসিএস ল্যাবরেটরি উদ্বোধন করেছে। এই উদ্যোগটি ইডকল’র ইমপ্রুভড কুক স্টোভ প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যার লক্ষ্য হলো ঘরের অভ্যন্তরীণ বায়ুদূষণ হ্রাস, জনস্বাস্থ্য উন্নয়ন এবং কার্বন নিঃসরণ কমানো। ২০১৩ সালে শুরু হওয়া এই প্রোগ্রামের আওতায় ইতোমধ্যে সারা দেশে ৪০ লক্ষাধিক চুলা বিতরণ করা হয়েছে। এই ল্যাবরেটরিটি ইমপ্রুভড কুক স্টোভ ও ক্লিন কুকিং সল্যুশন সম্পর্কিত আইএসও ১৯৮৬৭-১:২০১৮ মান অনুসারে বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ইডকল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডকল’র নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরসেদ। ইডকল’র নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেল এবং বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. শোয়েব আহমেদ, অধ্যাপক ড. মমিনুর রহমানসহ বুয়েটের শিক্ষক-শিক্ষার্থী ও ইডকলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগার স্থাপনের প্রয়োজনীয়তা বিবেচনা করে ইডকল ও বুয়েট যৌথভাবে এই অত্যাধুনিক ল্যাবটি চালু করেছে।
ভবিষ্যতে আইএসও সার্টিফিকেশন প্রাপ্তির পর, এই ল্যাবটি কার্বন ক্রেডিট নিবন্ধনের প্রক্রিয়াকেও ত্বরান্বিত করবে, যা বাংলাদেশের ক্লিন কুকিং প্রকল্পগুলোকে বৈশ্বিক পরিসরে সুযোগ তৈরি করতে সহায়তা করবে।
ইডকলের সিইও আলমগীর মোরসেদ বলেন, ‘এই ল্যাবরেটরির উদ্বোধন আমাদের পরিচ্ছন্ন, নিরাপদ ও দক্ষ ক্লিন কুকিং সল্যিউশন এর কর্মযজ্ঞে একটি নতুন অধ্যায় সূচনা করল।’
অধ্যাপক শোয়েব আহমেদ বলেন, ‘ইডকলের সঙ্গে এই গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রতিষ্ঠায় অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এটি শুধু পরীক্ষণ ও সার্টিফিকেশনকেই নয়, বরং পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তিতে গবেষণা ও দক্ষতা উন্নয়নকেও উত্সাহিত করবে।
কমেন্ট বক্স