পাবনার সাঁথিয়া উপজেলায় ভেলা বাইচকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে ৯ টা পর্যন্ত উপজেলার তলট বাজারে থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাঁথিয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া ইছামতী নদীতে উপজেলার করমজা ইউনিয়নের পার করমজা গ্রামের রায়হানসহ কয়েকজনের উদ্যোগে একটি ভেলা বাইচের আয়োজন করা হয়।
এ ঘটনায় লাঠিসোঁটা ও ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, সন্ধ্যা থেকে থেমে থেমে সংঘর্ষ হয়েছে। পুলিশ কয়েক দফায় সংঘর্ষ থামালেও পরে এটি বড় হয়। উভয় পক্ষের ১০-১৫ জনের মতো আহত হয়েছে বলে জেনেছি। আমরা এখনো ঘটনাস্থলেই আছি। এখন পরিস্থিতি স্বাভাবিক।