শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২২ অক্টোবর) বেলা ২টা থেকে বিশ্ববিদ্যালয়র প্রশাসনিক ভবনের সামেন অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ‘ফ্যাসিবাদী আমলে দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা গণতন্ত্রচর্চা, নেতৃত্ব বিকাশ ও অধিকার আদায়ের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।
তারা বলেন, ‘আমরা বহুবার শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শাকসু নির্বাচনের দাবি জানিয়েছি। কিন্তু প্রশাসন একাধিকবার মৌখিক আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।’
আল্টিমেটাম দিয়েও কাজ হয়নি জানিয়ে তারা বলেন, ‘গত ১৯ অক্টোবর মানববন্ধনের মাধ্যমে তারা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য।
সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠন, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।