জামালপুরের সরিষাবাড়ির সীমান্তবর্তী মাদারগঞ্জের রায়েরছড়া বাজারে চাঁদার দাবিতে মনিরুজ্জামান মনির নামে এক ব্যবসায়ীর হাত-পা কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
সোমবার (২০ অক্টোবর) বিকালে এ ঘটনায় আহতের ভাই রাকিবুল ইসলাম বাদি হয়ে পাঁচজনকে আসামি করে কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, রায়েরছড়া গ্রামের মনিরুজ্জামান মনির ও রাকিবুল ইসলাম দুই ভাই মিলে রায়েরছড়া বাজারে ইলেকট্রনিক ও নগদ, বিকাশের ব্যবসা করে আসছিল। ওই এলাকায় বখাটে রেজাউল করিম, রাজন, মারুফসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছে।
চাঁদা না দেওয়ায় তারা বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ ঘটনার জের ধরে ১৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৌশলে দোকান থেকে ডেকে নিয়ে নির্জনে নিয়ে চাঁদা দিতে বলে। চাঁদা দিতে অস্বীকার করায় মনিরকে রামদা দিয়ে হাত-পায়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় মনিরের কাছ থেকে নগদ এক লাখ টাকা ও স্টার এজেন্টের সিম ও ফোন জোর করে নিয়ে নেয়।
আহত ব্যবসায়ী মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, কিছুদিন ধরে রেজাউল, রাজন ও মারুফ তার কাছে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে বাজারে ব্যবসা করতে দেবে না।
এ ব্যাপারে শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।