প্রবাসী ভোটারদের অনলাইন রেজিস্ট্রেশন আগামী নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে সিলেটের সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সিলেট বিভাগের সব জেলা প্রশাসক, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
ইসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘শুধু প্রবাসীরাই নয়, কারাবন্দি ব্যক্তি, সরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টরা ডাকযোগে তাদের ভোট দিতে পারবেন।’
তিনি বলেন, ‘নভেম্বরের মাঝামাঝি ভোটার তালিকা পুরোপুরি প্রস্তুত হবে।
আগামী নির্বাচন সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে জানিয়ে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘সব দপ্তর ও জনগণের সহযোগিতা না পেলে নির্বাচন কমিশনের একার পক্ষে ভালো নির্বাচন করা সম্ভব নয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান প্রমুখ।