সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনে জামায়াত যে আন্দোলন করছে তা সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম তার পোস্টে বলেন, পিআরের আন্দোলন শুরু করা হয়েছিল মূলত ঐকমত্য কমিশনের সংস্কার আলোচনাকে ভিন্নদিকে নিয়ে যেতে এবং অভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্খার আলোকে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠন সম্পর্কিত জাতীয় আলোচনাকে মোড় ঘুরিয়ে দিতে।
তিনি বলেন, ভোটের আনুপাতিক হারে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার যে মূল দাবি করা হয়েছিল, তা ছিল সংবিধানিক সুরক্ষার সুচিন্তিত একটি পদক্ষেপ।
এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই আন্দোলনের আগে ও পরে জামায়াতে ইসলামী কখনোই সংস্কার-আলোচনায় অংশ নেয়নি।
নাহিদ ইসলাম আরো বলেন, জামায়াতে ইসলামী সংস্কারের লক্ষ্যে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেয়নি। বরং এটা ছিল তাদের রাজনৈতিক কৌশল। এখন বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে ফেলেছে।